কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও গাজীপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে উপজেলার সম্মেলন কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আসসাদিকজামান।

সেমিনারে বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার ওসি মো.আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম মঞ্জুর-ই-এলাহী, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী অফিসার ইউসুফ হাবিব, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এসএম আলমগীর হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, নাগরী ইউপি চেয়ারম্যান মো.অলিউল ইসলাম অলি, কালীগঞ্জ পৌর কাউন্সিলর নুর আলম প্রমুখ।
জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। সরকার বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছেন। এই কর্তৃপক্ষের কাজ হলো নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার কার্যাবলি সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটি সম্মিলিত প্রচেষ্টা যেখানে সরকার, খাদ্য ব্যবসায়ী এবং ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সেমিনারে বক্তারা বলেন, খাবার যেকোনো সময় অনিরাপদ হতে পারে। সরকার আইন প্রয়োগের মাধ্যমে উৎপাদিত বা আমদানিকৃত খাদ্যের গুণগত ও নিরাপদতার মান নিয়ন্ত্রণ করতে পারে। তবে পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের পক্ষে সম্ভব নয়। একজন ভোক্তা হিসেবে আমাদের নিজের ও পরিবারের জন্য যে খাবার তৈরি করা হয় তার নিরাপদতা রক্ষার দায়িত্ব আমাদের। প্রত্যাশিত ব্যবহার ও উপযোগিতা বিবেচনায় পরিবারের সদস্যদের জন্য নিরাপদ খাদ্যের সরবরাহ আমাদেরই করতে হবে। অনেক সময় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে নিরাপদ খাদ্যও অনিরাপদ হতে পারে। ভোক্তা হিসেবে আমাদেরই অনিরাপদ খাদ্যের ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন ও সঠিক অনুশীলনের মাধ্যমে ঝুঁকি নিরসন করে নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে হবে।
projonmo21.com Popular bangla online newsportal