সর্বশেষ :
Home / সারাদেশ / মানিকগঞ্জের দৌলতপুরে সরিষা ক্ষেত থেকে চলছে মধু সংগ্রহের ধুম

মানিকগঞ্জের দৌলতপুরে সরিষা ক্ষেত থেকে চলছে মধু সংগ্রহের ধুম

 

 

মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ :

 

 

শীতকাল এলেই সারাদেশে মত মানিকগঞ্জের দৌলতপুরে মধু সংগ্রহের ধুম পড়ে যায়। আর ব্যবসায়ীরা সেই মধু আহরণ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন।

 

সম্প্রতি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর গিয়ে দেখা যায়, মধু আহরণকারীরা সবাই ব্যস্ত। কেউ বাক্স থেকে মধু বের করছেন, আবার কেউ কেউ বাক্স ঠিক করে দিচ্ছেন, কেউবা ড্রামে মধু ভরছেন। এর মধ্যে ক্রেতারা এসে মধু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি করছেন তাঁরা।

সাতক্ষীরা থেকে আসা মধু ব্যবসায়ী বকুল সরদার বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা এখানে মধুর জন্য ২০০টি মৌবাক্স স্থাপন করেছি। পাঁচ থেকে সাত দিন পরপর মধু আহরণ করা হয় জানিয়ে তিনি বলেন, এ কাজে ৫ থেকে ৬ জন পালা করে কাজ করেন। বকুল সরদার সহযোগী মৌচাষি জামাল মিয়া বলেন, মৌমাছিদের সঙ্গে থাকতে থাকতে কাজটি অনেক সহজ হয়ে গেছে। এবারে সরিষার ফলন ভালো হওয়ায় মধু আহরণ ভালো হবে বলে আশা করছেন তাঁরা।

 

শুধু সমেতপুর নয়, উপজেলার কলিয়া, ধামশ্বর , খলসী, চরকাটারীসহ বিভিন্ন ইউনিয়নের সরিষা মাঠে চলছে মধু আহরণ। উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে ১০ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। চাষকৃত সরিষার মধ্যে রয়েছে বারি-১৪, বারি-১৫, বারি-১৭ ও টোরি-৭। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলসহ শস্যভান্ডারখ্যাত এ উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্যাপক সরিষার চাষ করা হয়েছে।

 

এখন সরিষার ফুল থেকে চলছে মধু আহরণ। মধু আহরণের জন্য স্থানীয় লোকজনের পাশাপাশি সাতক্ষীরা,মাগুরা মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে মৌখামারিরা আস্তানা গেড়েছেন এখানে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সরিষাক্ষেতে এ বছর প্রায় ২০০০টি মৌবাক্স স্থাপন করা হয়েছে। চলতি মৌসুমে এখান থেকে প্রায় ২০ হাজার কেজি মধু আহরণ হবে বলে আশা করা হচ্ছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সরিষার ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে। আর সরিষার চাষ ভালো হলে মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!