সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়া আদরী বেগম (২৪) মারা গেছেন। টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত ৬ জানুয়ারি স্বামীর সঙ্গে ঝগড়া করে ঘাস মারার কীটনাশক পান করেন। নিহত আদরী বেগম সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের মো. সোহেল মোল্যার স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ঘটনার দিন আদরী তার স্বামীর সঙ্গে ঝগড়া করে ঘরে থাকা ঘাস মারা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান। নিহত আদরীর ৬ বছর ও ২ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের আদরীর ভাই বাবলু বলেন, ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম রিপোর্ট করে বুধবার লাশ বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হবে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. বেলাল হোসেন বলেন, হাসপাতাল থেকে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনা যেহেতু সালথা থানার, তাই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তা সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তখন সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবেন।
projonmo21.com Popular bangla online newsportal