কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
‘ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়ীদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। আলোচনা সভাটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কোষাধ্যক্ষ জীবন চন্দ্র ধর, তুমলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী স্যামুুয়েল আলেক জেন্ডার রোজারিও, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারী সঞ্চিতা রোজারিও, রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির সরকার, চুয়ারিখোলা উত্তর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নুরুল ইসলাম নুরু প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া বলেন, উপজেলা পর্যায়ে সমবায় সমিতির সংখ্যার মধ্যে কেন্দ্রীয় সমিতি ১টি, আশ্রয়ণ প্রকল্প সমিতি ৩টি, কালবভুক্ত সমিতি ৩৩টি, পানি ব্যবস্থাপনা সমিতি ১টি, সিভিডিপি প্রকল্পভুক্ত সমিতি ৬০টি এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির সমিতি ১২৬ টি। উপজেলায় সমবায় সমিতি সমূহের গৃহিত বিভিন্ন প্রকল্পে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা ৩১৫ জন। সমিতির সদস্যদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রায় ২৫৬৪৯ জন সদস্যের।
বিগত ও চলতি অর্থবছরে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ এর আওতায় ১২৫ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট চলতি ১৮ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৪ সালে সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০ জন যুবককে ইলেকট্রিক ও প্লাম্বিং ২ মাসের কোর্সে সাভার ও টঙ্গী বিসিক ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন বহিৃ শিখা রায় প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal