মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে মির্জাপুর সেনা ক্যাম্প ও থানা পুলিশের টিম এ কাজে সহযোগিতা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল করিম বংখুরী গ্রামের মৃত আবু বক্কর মিয়ার ছেলে।
মঙ্গলবার সকাণ সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরি নামক এলাকায় অভিযানকালে ভ্রাম্যমান আদালতের বিজচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান এই দন্ড দেন।
এ সময় অবৈধভাবে নির্মিত দুটি ঘর ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং ৭০ লাখ টাকা মূল্যের ৭০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।
জানা গেছে, উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংখুরী মৌজায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দুটি ঘর নির্মাণ করছিলেন আব্দুল করিম। খবর পেয়ে বাঁশতৈল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তাকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন। নিষেধ অমান্য করে তিনি ঘর নির্মাণ করতে থাকেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন। এরপরও তিনি অবৈধ ঘর নির্মাণ কাজ বন্ধ না করে প্রশাসনকে হুমকি দেন। পরে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ আইনে আব্দুল করিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এসময় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে দেয়া হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদর রহমান জানিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal