নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে সোমবার রাতে র্যাব-৪ সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ কারিগর রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত যুবক হলেন বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের মান্নান সিকদারের ছেলে ।সে উপজেলার ভান্নারা বাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে গোপনে জাল টাকা ছাপানোর কাজ করতেন ।
র্যাব-৪ সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সোমবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রাতেই রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট হতে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট এবং নোট তৈরির একটি মেশিন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বেলতলা এলাকার নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছে। এসব জাল টাকা তিনি বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, র্যাব এক আসামিকে আমাদের থানায় দিয়েছে। তিনি জাল টাকা তৈরি করতেন। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal