কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আগে বিনা পয়সায় অন্যের জমি থেকে মাটি এনে বিভিন্ন তৈজসপত্র তৈরি করতো কালীগঞ্জের মৃৎ শিল্পগোষ্ঠী। বিক্রি করেও প্রচুর অর্থ আয় করতো। এখন মাটি কিনে আনতে হয়। তৈরিতে খরচ হয় বেশি। সেই তুলনায় আয় কম। চাহিদা কমেছে। বাজারজাতের নানা প্রতিবদ্ধতা রয়েছে। এমন অবস্থায় ধ্বংসের পথে কালীগঞ্জের মৃৎ শিল্পগোষ্ঠী। এমন ক্লান্তিকালে মৃৎ শিল্পকে বাঁচাতে তাদের পাশে দাঁড়িয়েছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ান গ্রামের মৃৎ শিল্পগোষ্ঠীদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৃৎ শিল্পগোষ্ঠীর নারী-পুরুষদের নিয়ে মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নাওয়ান গ্রামের মন্দিরের পাশে অনুষ্ঠিত হয়।
এই সময় তাদের দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন ইউএনও। তারা সরকারিভাবে দুটি মাটি ফেটার মেশিনের দাবি জানান। তাদের দুটি মেশিন কিনে দেওয়ার প্রতিশ্রæতিও দেন ইউএনও তনিমা আফ্রাদ। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে কম সুদে তাদের ঋণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে তাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ইউএনও। তাদের মধ্যে ৭ দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হচ্ছে। যারা এই পেশায় দক্ষ তাদের দিয়ে এই প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ ভাতাও পাবেন তারা।
মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, মৎ শিল্পকে বাঁচাতে তাদের পাশে রয়েছি। তাদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। দুটি মাটি ফেটার মেশিন কিনে দেয়া হবে। তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে। তাদের তৈরিকৃত তৈজসপত্র বাজারজাতের ব্যবস্থা করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal