কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে গাঁজা সেবনরত অবস্থায় ৪ যুবককে আটক করে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জন প্রতি ১ শত টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড দড়িসোম এলাকায় গাঁজা সেবন করছিল ৪ যুবক। এই সময় ঘটনাস্থলে হাজির হয় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোজাম্মেল হক, জুয়েল মিয়া ও তাদের সঙ্গীয় ফোর্স। তাদের মাদকের সরজ্ঞামসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তারা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন। তখন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন উর্মি ঘটনাস্থলে উপস্থিত হন।
আটককৃতরা মাদক সেবন ও ভুল করেছেন বলে তারা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জনপ্রতি ১ শত টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, দড়িসোম গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো.নাইম শেখ (২৩), মুনশুরপুর গ্রামের স্বপন রাজ বর্মনের ছেলে শান্ত রাজ বর্মন (২১), দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জুলহাস মিয়া (২৫) ও ভোলা সদর এলাকার কামাল মৃধার ছেলে তানজিম ইসলাম তানভীর (২২) ।
projonmo21.com Popular bangla online newsportal