(নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে কটূক্তি মূলক পোস্ট শেয়ারের অভিযোগে সুশান্ত রায় (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া ফোকাল পয়েন্ট এ.বি.এম. ফয়জুল ইসলাম।
গত সোমবার (১৭ মার্চ) নীলফামারী একটি ফেসবুক গ্রুপে itz Sabuj Ahmed নামের একটি আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-এর সম্পর্কে অবমাননাকর মন্তব্য পোস্ট করা হয়। একই গ্রুপের সদস্য সুশান্ত রায় উক্ত পোস্টটি শেয়ার করলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, উক্ত পোস্টের মূল হোতা হচ্ছেন সবুজ ইসলাম, যিনি itz Sabuj Ahmed নামক ফেসবুক আইডি ব্যবহার করতেন।
অন্যদিকে, পোস্টটি শেয়ারকারী গ্রেপ্তার ব্যক্তি হলেন নীলফামারী জেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা (পাইকারপাড়া) এলাকার বাসিন্দা পরেশ বাবুর ছেলে সুশান্ত রায়,
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। অভিযুক্ত সুশান্ত রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন এবং নীলফামারী ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। পুলিশের নজরদারির কারণে তিনি দেশত্যাগে ব্যর্থ হন। এক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া ফোকাল পয়েন্ট এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন, ধর্মীয় উসকানিমূলক পোস্ট শেয়ার করায় সুশান্ত রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ব্যবহৃত VIVO ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal