কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজারে এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। গুরুতর আহত সাংবাদিক আব্দুল গাফফার বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে কুলথুন এলাকা থেকে ফয়সাল খান নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
আহত গাফফারের সঙ্গে থাকা যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি মো. খোরশেদ আলম জানান, রোববার ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৮টা ৪৭ মিনিটে অজ্ঞাত একটি নম্বর থেকে গাফফারের ফোনে কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে তারা গাফফারের অবস্থান জানতে চায়। রাত ৯টার দিকে তারা আওড়াখালী বাজারের পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। ওঁত পেতে থাকা কাউলিতা গ্রামের মাদক ব্যবসায়ী মো. আলমগীর হোসেন আকন্দ, সাহেদ, ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল হামলা চালায়। এতে গুরুতর আহত হন গাফফার। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা অপতৎপরতা নিয়ে তার লেখা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘এ বিষয়ে সারারাত অভিযান চালিয়ে ফয়সাল খানকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীর পালিয়ে গেছে। এ বিষয়ে দ্রæততম সময়েই আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।’
projonmo21.com Popular bangla online newsportal