
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সকালে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বৃহস্পতিবার রাতে বহিস্কারাদেশ প্রকাশ করা হয়।
শাওন চৌধুরী জানান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে যার বিরুদ্ধেই প্রমাণিত হবে, তাকেই বহিষ্কার করা হবে বলে তিনি জানান।
নাম না প্রকাশের শর্তে একাধিক নেতা জানায়, ৫ই আগষ্টের পর থেকে মোফা বেপোয়ারা হয়ে উঠে। দলের নাম ভাঙ্গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায় করতে থাকে। বর্তমান কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন ও মোক্তারপুর ইউনিয়নের মানুষের রাতের আতঙ্কের নাম মোফা। সে তার দলবল নিয়ে প্রায় সময় হিন্দু ও প্রবাসীর বাড়িতে হানা দিয়ে ভয়ভীতি দেখিয়ে লুটে নিতো অর্থ ও মূল্যবান জিনিসপত্র। সম্প্রতি কালীগঞ্জের একজন সাংবাদিককে সে অপদস্থ করে। এসব ঘটনায় দলীয় নীতিনির্ধারক ফোরাম তার প্রতি ক্ষুদ্ধ।
বহিস্কৃত তোফাজ্জল হোসেন মোফা বলেন, রাজনীতির সূত্র যারা জানেন না, তারাই কেবল আমার বহিস্কারাদেশ শোনার পর আলহামদুলিল্লাহ বলেছেন। অথচ রাজনীতিতে পুরস্কার তিরস্কার বহিস্কার গ্রেফতার পেয়ে আসছে।
projonmo21.com Popular bangla online newsportal