
কালীগঞ্জ (গাজীপুর ) প্রতিনিধি
কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী শুক্রবার সকালে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম, প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অবসরপ্রাপ্ত পরিচালক নুরুন নাহার বেগম।
আয়োজক কমিটির আহবায়ক সাবরিনা আজাদ ফারুকী, জান্নাতুল ফেরদৌসী, নাদিরা নাসির নিশি, শাহীনা বেগম ও নাবিয়া নাসির নীলা তাদের উদ্যোগে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মধ্যাহৃ বিরতির পর বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। স্কুলের গুণীজন ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অমূল্য স্মৃতিচারণ করে থাকেন। তারা ফিরে যায় সেই সোনালী দিনে। নির্মল হাসি, স্বপ্ন আর সাফল্যের ভরপুর ছিল প্রাঙ্গণ। এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা আজও অপরিবর্তিত। তাদের কন্ঠে সেই সব স্মৃতিচারণ হৃদয় স্পর্শ করে। নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা বয়ে নিয়ে আসে। এক অসাধারণ মুর্হুতের সাক্ষী হতে এ অনুষ্ঠানে আজ সবাই একত্রিত।
পরে সঙ্গীত শিল্পী পথিক নবী ব্যান্ড নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, এই অনুষ্ঠান ক্ষণে ক্ষণে হয় না। এমন একটি অনুষ্ঠানের জন্য বছরের পর অপেক্ষা করতে হয়। আজকে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই বিদ্যালয় সরকারিকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান রয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য মো.সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহীম প্রধান প্রমুখ
projonmo21.com Popular bangla online newsportal