সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর শতবর্ষ জুবিলী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর শতবর্ষ জুবিলী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

রাজধানী ঢাকার অদূরে ঐতিহ্যবাহী গাজীপুর জেলার ভাওয়াল অঞ্চলের কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া ইউনিয়নের যীশু হৃদয় ক্যাথলিক রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর শতবর্ষ পূর্তি জুবিলী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ প্রেসক্লাবে শতবর্ষ পূর্তি জুবিলী উৎসবের পক্ষে সংবাদ সম্মেলন করেন যীশু হৃদয় রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর ফাদার আলবিন গমেজ।

প্রতিষ্ঠার গৌরবময় পূর্তি শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। ঢাকা ক্যাথলিক আর্চ ডায়োসিসের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন.ডি ক্রুজ, ওএমআই এবং সহকারী বিশপ এবং রাঙ্গামাটিয়ার কৃতি সন্তান বিশপ সুব্রত বি.গমেজসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রাঙ্গামাটিয়াতে খ্রিষ্টধর্ম প্রথম প্রচার হয় ১৭শ শতকে ইউরোপীয়(পর্তুগিজ) মিশনারী এবং ভাওয়ালের প্রবাদপ্রতিম প্রচারক দোম আন্তনীয়র মাধ্যমে। এই এলাকার খ্রিষ্টভক্তরা প্রথমে নাগরী এবং পরে তুমিলিয়া গির্জার অধীনে ছিল। পরে আলাদা গির্জা প্রতিষ্ঠিত হয় এবং ১৯২৪ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটিয়া নতুন ধর্মপল্লী হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে মিশনের খ্রিষ্ট ভক্তের সংখ্যা ৩৭শত।

ফাদার আলবিন গমেজ সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার সকাল ৮টায় গির্জা প্রাঙ্গণে বাদ্য বাজনার মাধ্যমে জুবিলী অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রতিষ্ঠিত জুবিলী স্মারক উদ্বোধন হবে। জুবিলীর বিশেষ উপাসনা অর্পণ করা হবে সেখানে প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করবেন আর্চবিশপ বিজয় এন.ডি ক্রুজ ওএমআই। খ্রিষ্টযাগের পর বিশেষ স্মরণিকার মোড়ক উম্মোচন হবে। পরে কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হবে। বিকেল থেকে সন্ধ্যা অবধি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ সময় ধর্মপল্লীর শতবর্ষের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

শনিবারে একটি বিশেষ উপাসনা অনুষ্ঠিত হবে সেখানে রাঙ্গামাটিয়ার সকল যাজক,ব্রাদার,সিস্টার, তাদের পরিবার এবং সাধারণ খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করবেন। পরে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বৈকালিক অধিবেশনে রাঙ্গামাটিয়ার কৃতি সন্তান, বিশেষ ব্যক্তিত্ব এবং বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে। এরপর ভাওয়াল অঞ্চলের অন্যান্য মিশনের অংশগ্রহণে বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সন্ধ্যায় জুবিলীর লটারি ড্র এবং কনসার্ট অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;