সর্বশেষ :
;
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে গোল্ডেন এ প্লাস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে গোল্ডেন এ প্লাস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

জসীমউদ্দিন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষাজীবনে অসাধারণ ফলাফল অর্জন করায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীকে ক্রেস্ট ও কৃতি সম্মাননা সনদ দিয়ে সম্মানিত করা হয়।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসন হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সদর উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা-২০২৬ ব্যাচের গোল্ডেন এ প্লাস অর্জনকারী প্রায় ২৭০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও অংশ নেন।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এর সঙ্গে পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবদানও জড়িত। শিক্ষাজীবনের এ সাফল্যকে ভবিষ্যতের পথচলার ভিত্তি হিসেবে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি তাদের উৎসাহিত করেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার ফল। তাদের এ অর্জন পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেমন আনন্দের, তেমনি পুরো উপজেলার জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং।

 

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য কামনা করে বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

এ সময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিসহ সংবর্ধনাপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে গোল্ডেন এ প্লাস অর্জনকারী ২৭০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও কৃতি সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;