সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে অটো চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

মির্জাপুরে অটো চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে অটো রিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়া (৪০) নামে এক অটো চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গুচ্ছগ্রামে।

নিহত ফালু মিয়া ওই গ্রামের জলিল মিয়ার ছেলে। স্থানীয় ও পরিবারের দাবি, তাকে হত্যা করে ঘরের ধরনার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জামুর্কী গ্রামের মৃত ইন্তাজ মৃধার ছেলে অভিযুক্ত জিয়ারত মৃধাকে আটক করেছে।

নিহত ফালুর স্ত্রী বিউটি বেগম ও স্থানীয়রা জানান, গুচ্ছ গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জিয়ারত অটো রিকশা ভাড়া দিয়ে থাকেন। ফালু তার একটি অটো ভাড়ায় চালাতেন। মঙ্গলবার দুপুরে ফালুর অটো রিকশাটি ছিনতাইকারীরা নিয়ে তাকে পিটিয়ে রাস্তায় ফেলে যায়। জ্ঞান ফিরে ফালু বিষয়টি জিয়ারতকে জানাতে তার বাড়িতে যায়। জিয়ারত ফালুর কথা বিশ্বাস না করে তাকে মারধর করে ঘরের ভেতর আটকে রাখে। বুধবার সকালে ফালুর পরিবারের লোকজন খবর পায় সে মারা গেছে। পরিবারের সদস্যরা ফালুর লাশ আনতে গিয়ে দেখেন একটি গামছা ঘরের ধরনার সাথে ঝুলানো রয়েছে আর লাশ রয়েছে খাটের নীচে। লাশের গলার দুই পাশে ইলেকট্রিক শকের মত দাগ রয়েছে। মৃত্যুর বিষয়টিকে জিয়ারত আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

জামুর্কী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান বলেন, জিয়ারত অটো ভাড়ার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে এর আগেও গ্রেপ্তার করেছিল, কিন্তু রহস্যজনকভাবে ছাড়া পেয়ে যান।

আমরা মনে করি, িিজয়ারত মৃধা ফালুকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখেন। জিয়ারতকে গ্রেপ্তার ও সঠিক তদেেন্তরর মাধ্যমে বিচার দাবি করছি।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জিয়ারত মৃধাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;