সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (০৮ মার্চ) বিকালে ঠেনঠেনিয়া বাজার থেকে লুৎফর নামে এক ব্যক্তি বাড়ি ফেরার পথে তাকে মারধর করে প্রতিপক্ষের লোকজন।
পরে এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (০৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয় মুরাদ মোল্যা গ্রুপ ও সালাম মোল্যা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-সুরকি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের সুমন খান (৩৫), মোশারফ খান (৫৫), জাহিদ মোল্যা (৩৫) ও ছিদ্দিক মোল্যা (৫৫) সহ অন্তত ১০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal