সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর কর্মীকে মারধরের মামলায় সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাকদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হোসেনের (৩০) জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম মাহমুদের আদালত থেকে তাকে জামিন প্রদান করা হয় বলে নিশ্চিত করেন নাজমুলের নিয়োগকৃত আইনজীবী মো. ইব্রাহিম হোসেন।

নাজমুল সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকার মো. আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। আফছার উদ্দিন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার সমর্থক ছিলেন নাজমুল হোসেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে সালথা উপজেলার কাগদী এলাকার নাজমুলের নেতৃত্বে পূর্ব মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের নুর উদ্দিন মোল্যার ছেলে মাসুদ মোল্যা নামে এক ব্যাক্তিকে মারপিট করা হয়। এই মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি ছিলেন নাজমুল হোসেন। ওই মামলায় ০৬ ফেব্রুয়ারি বিকালে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal