সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বৈঠা হাতে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের কয়েকশ নেতাকর্মী। তবে এক দফা দাবী আদায়ের আন্দোলনে মাঠে দেখা যাচ্ছেনা বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদর বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সালথা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, রাজু আহম্মেদ উজ্জল, সাব্বির হোসেন, ওয়াহিদুজ্জামান মোল্লা, পিয়ার আলী মুন্সী, মুঞ্জুরুল ইসলাম, মারকুজ শেখ, মুরাদ মোল্যা, সিয়াম হোসেন ও মনি মোল্যা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসবাদী দল। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি। তারা হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তাতে কোন লাভ হবে না। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচাল করার ক্ষমতা নেই। হরতাল-অবরোধের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। তাদের ডাকা হরতাল-অবরোধ আমরা মানি না। তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও শুরু করেছে। পুলিশ ভাইদেরকে পিটিয়ে হত্যা করেছ। বিএনপি-জামায়াতের কেউ যদি সালথায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। তাদেরকে আমরা প্রতিহত করবো।
projonmo21.com Popular bangla online newsportal