হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
ভারতের উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারীর জলঢাকা সহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন তিস্তার পাড়ের বাসিন্দারা।
আজ সোমবার ১৪ জুলাই ‘২৩ সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ মিটার ৩৫ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান , কয়েকদিন থেকে তিস্তার পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজ সোমবার ১৪ জুলাই সকাল ৬টা থেকে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়ার সম্ভবনা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারীর জলঢাকা উপজেলার ফরেস্টর চর,গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর,ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী ইউনিয়নের তিস্তার পাড় এলাকা, ও ডিমলা উপজেলার কালিগঞ্জ, ঝাড়সিংহেশ্বর, খগারচর, জুয়ার চর, বাংলাপাড়া, উত্তর খড়িবাড়ী, বাইশপুকুর, ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের এলাকা সমুহে পানি প্রবেশ করতে শুরু করেছে।
ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আফজাল হোসেন বলেন, নদীর পানি বৃদ্ধি ফলে বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। গরু- ছাগল, হাঁস-মুরগী ও ছোট বাচ্চাদের নিয়ে বিপদে আছি।
খালিশ চাপানী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের শফিকুল ইসলাম বলেন, নদীর পানি বেড়েছে অনেক। ঘরে পানি ঢুকে থাকার মতো অবস্থা নাই। রাতে ঘুমাতে পারিনি।
নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার তিস্তার তীর এলাকার ইউনিয়ন সমুহের
চেয়ারম্যানগন বলেন, চরাঞ্চলের মানুষকে নিরাপদে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে । রাতে পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পানি বন্দিদের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করছি আমরা।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম বলেন, পানি বন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করছেন সংশ্লিষ্ট চরাঞ্চলের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড সেখানে কাজ করছে।
projonmo21.com Popular bangla online newsportal