কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মো. জাকির সিকদার (৪২) ও মো. মোমেন (২৫) নামের দুই মাদক সেবনকারী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
এর আগে রোববার (০৯ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রাম থেকে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারনের শান্তি বিনষ্ট এবং বিরক্তিকর আচরণ করার অপরাধে তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।
দন্ডপ্রাপ্ত জাকির কালীগঞ্জ পৌরসভার দক্ষিণ দেওপাড়া গ্রামের মৃত হাসেম সিকদারের ছেলে ও মোমেন উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক গ্রামের মনু মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রাম থেকে ওই দুই মাদকসেবীকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এ সময় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal