সাইফুল ইসলাম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অবৈধ ভেক্যু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে রিপন ফকির নামে এক মাটি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭জুন) দুপুরে মাটি কাটার সময় উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ূবী। এসময় উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যদুনন্দী ইউপির সাধুহাটি এলাকায় অবৈধ ভেক্যু মেশিন দিয়ে মাটি কাটছিলো একটি চক্র। সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌছে অবৈধভাবে মাটি কাটার সময় চক্রটিকে হাতেনাতে আটক করে। এসময় পার্শবর্তী উপজেলা বোয়ালমারি উপজেলার ডহরনগর এলাকার মৃত সালাম ফকিরের ছেলে চক্রটির মূলহোতা রিপন ফকিরকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সালাহউদ্দিন আইয়ূবী বলেন, ভেক্যু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে রিপন ফকিরকে আটক করা হয়েছে।
এসময় ইট ভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন-২০১৩ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal