মেহেরপুর সংবাদদাতাঃ
মেহেরপুরের গাংনীতে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
ধান কাটা মাড়াই ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
ঘরে ধান তোলার আনন্দে মেতেছেন উঠেছে কৃষক-কৃষাণীরা। তাঁদের মনে বইছে আনন্দের বাতাস । তবে ধানের দাম নিয়ে সন্তুষ্ট নয় চাষিরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে সোনালি ধান কাটছেন চাষিরা। গানের তালে তালে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। কেউ ধান কাটছেন, কেউবা বাঁধছেন। আবার কেউ আঁটি বেঁধে মাথায় করে কেউবা গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছেন বাড়িতে । আবার অনেকেই জমিতেই মাড়াই করছেন। বসে থাকার সুযোগ নেই কৃষাণীদেরও। তাঁরাও ধান মাড়াইয়ের পরে পরিষ্কার করে ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন।
গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের
ধান চাষি আবদুল মান্নান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখায় ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলাম। তবে কোনো ক্ষতি হয়নি। এ বছর ধানের ফলন অনেক ভালো হয়েছে। ধানের শীষে অনেক ধান রয়েছে। বিঘা প্রতি ২৪ /২৫ মণ করে ফলন হচ্ছে।’
গাংনীর চিৎলা গ্রামের ধানচাষি আনার হোসেন বলেন, ‘মাঠে চলতি বছর ভালো ধান হয়েছে। ঝড় নিয়ে ভয় ছিল তা আর নেই। আমার ২ বিঘা জমিতে প্রায় ৫০ ধান হয়েছে। বর্তমানে বাজার ধানের মণ প্রতি মূল্য ৯৬০ টাকা থেকে ১ হাজার । তবে ধানের দাম বাড়লে ভালো হয়। আশা করি ধানে দাম বাড়বে। তাহলে লাভ হবে।
গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের
ধান চাষি রফিজুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে ধানের আবাদ করতে গিয়ে অনেক খরচ বেড়ে গেছে। সার, ডিজেল, চাষ খরচসহ সবকিছুর দাম বেড়েছে বিঘা প্রতি২০থেকে ২২ হাজার টাকা খরচ হয়েছে । মাঠে এবার ভালো ধান হয়েছে। তবে ধানের দাম আরেক বেশী হলে লাভ হতো। কারণ বর্তমানে যে দাম রয়েছে এতে লাভ হচ্ছে না খরচ অনুপাতে। আর লাভ হলে খরচের কথা আর মনে থাকে না। এবং আরো বলেন ধান বেপারি নেই এলাকায় যা দুই একজন কিনছে কিন্তু দাম কম।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান আবাদ হয়েছে ৮ হাজার ২৫২ হেক্টর জমিতে। এবার ধানে ভালো ফলন হচ্ছে। দাম ভালো পেলে কৃষকেরা লাভবান হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘চলতি বছর উপজেলায় বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে। চাষিরা ধান কাটছেন। মোখা ঘূর্ণিঝড় নিয়ে ভয় ছিল, তবে ক্ষতি হয়নি। এবার ধানে ভালো ফলন হয়েছে। আশা করছি ধানের দাম আরও বাড়বে। মূল্য আরেকটু বেশি হলে লাভবান হতো চাষিরা।
projonmo21.com Popular bangla online newsportal