সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রূপা বেগম, সিঙ্গাপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মো: মাহবুবুর রহমান, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ূবী, সালথা উপজেলা শিক্ষা অফিসার মো: নিয়ামত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, সমাজসেবক মো: ইব্রাহিম হোসেন মৃধা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মোশাররফ তালুকদার, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাউছার তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।
projonmo21.com Popular bangla online newsportal