জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড তুলে শপথ নিয়েছে ঠাকুরগাঁওয়ের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে মোবাইল আসক্তি থেকে দূরে থেকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করেছে তারা।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ।
সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
পরে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে লাল কার্ড তুলে দেওয়া হয়। কিশোর অপরাধ, বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তিতে না জড়ানোর অঙ্গীকার করে শিক্ষার্থীরা লাল কার্ড উঁচিয়ে শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানে আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। তিনি বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, এটিএন নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জহরুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
সভায় মাদকবিরোধী সচেতনতা, কিশোর অপরাধ প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ এবং মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal