মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্কুল ছাত্র নাজিম সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল আটটার দিকে হাটুভাঙ্গা এলাকার বংশাই নদীতে তার লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন গিয়ে ্উদ্ধার করে।
শনিবার সকাল আটটার দিকে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকার ছাদে ডিজে গানের তালে তালে বন্ধুদের সাথে নাচতে গিয়ে বংশাই নদীতে পড়ে সে নিখোঁজ হয়।
রোববার সকালে মজিদপুর গ্রামের নাজিমদের প্রতিবেশি সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
স্কুল ছাত্র নাজিম উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে তারা হাটুভাঙা ব্রিজের পূর্বপাশ থেকে পার্শ¦বর্তী বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা নৌকার ছাদে ডিজে গানের তালে তালে নাচতে থাকে। সকাল আটটার দিকে ব্রিজের কিছুটা পশ্চিম দিকে পৌছালে নাচতে গিয়ে নৌকার ছাদ থেকে নাজিম নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুজি করা হয়। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে নাজিমকে খোঁজতে থাকে। বিকেল চারটা পর্যন্ত ডুবুরি দল নাজিমকে খুজে না পেয়ে চলে যায়। রোববার সকাল আটটার দিকে হাটুভাঙ্গা বংশাই ব্রিজের একটু পশ্চিম পাশে নাজিমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে ।
projonmo21.com Popular bangla online newsportal